এনুমারেশন ফর্ম বিলিতে ১২ নির্বাচনমুখী রাজ্যেগুলির মধ্যে সেরা পারফর্মার পশ্চিমবঙ্গ
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজনৈতিক সংঘাত যাই থাক, এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ সহ এনুমারেশন ফর্ম বিলির কাজে নির্বাচনমুখী ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সেরা পারফর্মার পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই তিনদিনের উত্তরবঙ্গ সফরকালে রাজ্যের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত কাজের অগ্র্গতিতে সন্তোষ প্রকাশ করেছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার। এবার ১২ রাজ্যের তুল্যমূল্য চিত্র প্রকাশ করে সেই সাফল্যকে স্বীকৃতি দিল নির্বাচন কমিশন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার রাত ৮টা পর্যন্ত রাজ্যে ৪ কোটি ১৭ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে ১২ নির্বাচনমুখী রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে রাজ্যগুলির গড় শতাংশের বিচারে অঙ্গরাজ্য হিসেবে গোয়ার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। তবে জনসংখ্যার নিরিখে এবং রাজনৈতিক উন্মাদনায় পশ্চিমবঙ্গের ধারেকাছে নেই গোয়া। সেই হিসেবে অঙ্গরাজ্যগুলির মধ্যে তো বটেই বাকি তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম পাঁচ দিন শেষ হওয়ার আগেই নির্বাচনমুখী ১২ রাজ্যের মধ্যে অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে প্রায় ৪৬% ফর্ম বিলির কাজ শেষ হয়েছে। যেখানে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে তামিলনাড়ু আসাম কেরালা, ছত্তিশগড় রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মত বড় রাজ্যগুলি। কমিশনের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ছত্তিশগড়ে ফর্ম বিলি হয়েছে মাত্র ১০%, গুজরাটে ৩৯ শতাংশের কিছুটা বেশি, কেরালায় প্রায় ১৪ শতাংশ, গোয়ায় ৮৯%, মধ্যপ্রদেশে মাত্র ৭%, রাজস্থানে ২২ শতাংশ, তামিলনাড়ুতে ৩৯ শতাংশ, উত্তরপ্রদেশে মাত্র ৬ শতাংশ।
লক্ষ্যণীয় যে পশ্চিমবঙ্গ থেকেই প্রথম এসআইআর বিরোধিতায় আন্দোলনের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী কাজে সরকারি কর্মীদের গাফিলতি-শাস্তি কার্যকর করা নিয়ে দীর্ঘসূত্রিতার জেরে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকেই দিল্লিতে কমিশনের সদর দপ্তরে তলব করা হয়। রাজ্যের এসআইআর বিরোধিতা নিয়ে কেন্দ্রের শাসক বিজেপি নিত্যদিন রাজ্যের সরকার ও শাসকদল তৃণমূলকে তুলোধনা করছে। রাজ্যজুড়ে এসআইআর নিয়ে রাজনৈতিক সংঘাত চরমে। এসআইআর বিরোধিতায় রাজ্য-কমিশন সংঘাতও তুঙ্গে। অথচ গোয়ার মত অপেক্ষাকৃত ছোট রাজ্য ছাড়া বিজেপি শাসিত রাজ্যগুলিতে এসআইআর-এর কাজ তথা এনুমারেশন ফর্ম বিলির কজে গতি অনেকটাই কম। তথ্য অনুযায়ী নির্বাচনমুখী অঙ্গরাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গই কাজের গতিতে সবচেয়ে এগিয়ে। আর একথা প্রকাশ্যে জানিয়ে রাজ্যের উদ্যোগের প্রশংসা করেছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তথ্যের খাতিরে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী বছরে নির্বাচন রয়েছে সেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ,পুদুচেরি, ও লাক্ষাদ্বীপে এসআইআর সংক্রান্ত কাজ ও এনুমরেশন ফর্ম বিলির গড় শতাংশ সর্বাধিক।

