এনুমারেশনের জন্য টোল ফ্রি নম্বর ও হোয়াটসঅ্যাপ চালু সিইও দপ্তরের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
নির্বাচনী গণনাপত্র বা এনুমরেশন ফর্ম কিভাবে পূরণ করতে হবে তা নিয়ে সমস্যা ? অথবা ফর্ম পুরণ করতে গিয়ে তথ্যের ভুল বা ভুল এন্ট্রি হয়েছে? এবার নয়া গাইডলাইনের মাধ্যমে সমস্যার সমাধানের রাস্তা জানিয়ে দিল কমিশন নিজেই। রাজ্যের সিইও দপ্তর জানিয়েছে, গণনাপত্র পুরণ করতে হলে যদি কোনও তথ্যের বা বানান ভুল হয় তাহলে সেই ভুল তথ্য একটি লাইনে কেটে দিতে হবে। একই রো অথবা কলামে পাশের সাদা অংশে ফের সঠিক তথ্য বা বানান লিখে দেওয়া যাবে। সেক্ষেত্রে বিএলও-কে তা জানিয়ে ফর্ম হস্তান্তর করতে হবে। অন্যদিকে, কিভাবে ফর্ম পূরণ করতে হবে তা বুঝতে অসুবিধা হলে বা সাহায্যের প্রয়োজন হলে যেমন বি এল ও, সুপারভাইজার, এইআর ও, ইআরও অথবা ডিইও-দের সাহায্য নেওয়া যাবে তেমনি এই সমস্যা সমাধানে টোল ফ্রি নম্বরেরও ব্যবস্থা করেছে কমিশন। টোল ফ্রি নম্বরগুলি হল– 1950 এবং 033-22310850। এছড়াও বর্তমান ভোটার তালিকায় নাম থাকা কোনও বৈধ ভোটার যদি এখনও তাঁর নির্দিষ্ট এনুমারেশন ফর্ম না পান তাহলে উপরোক্ত টোল ফ্রি ফোন নম্বরে কাজের সময়কালে ফোন করে জানাতে পরেন অথবা 9830078250 এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারবেন। এছড়াও ceo-election-wb@nic.in -এ ই-মেল করেও জানাতে পারবেন। সেক্ষেত্রে বিধানসভার নাম, পার্ট নম্বর ও ক্রমিক বা সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের ক্ষেত্রে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ, এর মাধ্যমে একজন ভোটারের যাবতীয় তথ্য , সই, নথি শুধু দীর্ঘদিন তথ্য সংরক্ষণ যেমন সম্ভব তেমনি মিথ্যা তথ্য, ডিক্লারেশন ও তথ্য যাচাইয়ের জন্য ওই ভোটারকে সহজেই শনাক্ত করা যাবে। অন্যদিকে ভোটারের দেওয়া তথ্য যদি সঠিকভাবে বিএলও যাচাই না করে লিপিবদ্ধ করেন সে ক্ষেত্রে ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন 1950 এর 32 নম্বর ধারা অনুযায়ী বিএলও কে শাস্তি পেতে হবে বলেও জানিয়েছে রাজ্য সিইও দপ্তর।

