হেডলাইন

এসআইআর জটে নাম বাদ গেলে নাম তোলার আবেদনের অধিকার পাবেন ভোটাররা ? সংশয়ে কমিশনের কর্তারাই

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

একেই কি বলে “বেঘোরে প্রাণ যাওয়া” ?

সুপ্রিম নির্দেশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ধাপে ধাপে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা। প্রতি দফার নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত সংশ্লিষ্ট বুথ বা বিধানসভা এলাকার এই তালিকা প্রকাশের কাজ চলবে। স্বাভাবিকভাবেই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ পড়বে তারা সাপ্লিমেন্টারি তালিকার জন্য নির্বচনী বিধি অনুযায়ী প্রথমে জেলা নির্বাচনী আধিকারিক এবং পরে সিইও-র কাছে নাম তোলার যে আবেদন করার সুযোগ পান তা থেকে বঞ্চিত হবেন। কারণ তাঁকে সাপ্লিমেন্টারি তালিকার জন্য অপেক্ষা করতে হবে। সাপ্লিমেন্টারি তালিকাতেও যদি নাম না থাকে সেক্ষেত্রেও সময়ের অভবে নাম তোলার আবেদনের সুযোগ থাকবে না। অর্থ্যৎ, কমিশনও আদালতের বিধিবদ্ধতাকে শিরোধার্য করে নিজের ভোটাধিকার জলাঞ্জলি দিতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। একপ্রকার এসআইআর প্রক্রিয়ার যাবতীয় জটিলতার জেরে ভোটার তালিকায় নিজের নাম তোলার আবেদন করার যে সাংবিধানিক আধিকার পাওয়ার কথা তা রাজ্য-কমিশন সংঘাত এবং নির্বাচনী ব্যবস্থায় আদালতের নজিরবিহীন হস্তক্ষেপের জেরে তা থেকে বঞ্চিত হতে হবে বহু ভোটারকে। এককথায় বেঘোরে প্রাণ যাওয়ার সামিল।

এই সংখ্যাটা কত হতে পারে? তার নির্দিষ্ট কোনও ধারণা না পাওয়া গেলেও সাপ্লিমেন্টারি তালিকার জন্য ৬০ লক্ষের কিছু বেশি ভোটারদের ভাগ্য নির্ধারণ করবেন জুডিশিয়াল অফিসার বা বিচারকরা তা জানিয়ে দিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। কত নাম বাদ যেতে পারে? স্পষ্টভাবে তা এখনই বলা সম্ভব না হলেও নির্বাচন কমিশনের সিডিউল অনুযায়ী বুধবার রাজ্যে বুথ পুনর্বিন্যাসের চুড়ান্ত দিন ধার্য করা হয়েছিল তার আর কোনও প্রয়োজনই পড়ছে না বলেও জানিয়েছেন সিইও। অর্থ্যৎ, রাজ্যের ৮০ হাজার ৬৮১ বুথের সঙ্গে আরও প্রায় ১৪ হাজার বুথ সংযুক্তির যে তালিকা বা প্রস্তাব জেলাশাসকদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ভোটার তালিকার ভার কমে যাওয়ার কারণে সেই সংযুক্তিকরণের কোনও প্রয়োজন নেই। শুধুমাত্র বহুতলে ৬৫-৬৮ টি বুথ সংযুক্ত হতে পারে বলে সিইও দপ্তর সূত্রে খবর। অর্থাৎ, খসড়া তালিকায় ৫৮ লক্ষের পরও একটি বড় সংখ্যার নাম যুক্তিগত অসঙ্গতি, নথি বিতর্ক অথবা প্রযুক্তিগত সমস্যার কারণে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে তা বলাই যায়।

Share with