এসআইআরের প্রস্তুতি ঘিরে সতর্কবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
পুজোর পরই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে এসআইআরের (Special Intensive Revision) প্রক্রিয়া। সেই নিয়ে জেলা নেতৃত্বকে সজাগ থাকার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে নিজের দপ্তরে সুন্দরবন সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। অভিষেকের বক্তব্য, ভোটার তালিকার কাজে কোনও গাফিলতি চলবে না। একজন বৈধ ভোটারও যেন বাদ না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। একইসঙ্গে বিভিন্ন এলাকায় যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে, তা নিয়েও সতর্কবার্তা দিয়েছেন তিনি। বিশেষ করে গোসাবা এলাকায় বারবার এই ইস্যুতে সমস্যা সামনে আসায় সেখানে কোর কমিটি গঠনের ঘোষণা করেন অভিষেক।
এদিন তিনি আরও বলেন, প্রতিটি ক্ষেত্রে একজোট হয়ে দলীয় কর্মীদের কাজ করতে হবে। পাশাপাশি হারা বুথগুলিতে এখন থেকেই বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। কোথায়, কী কারণে হার হয়েছে, তার উপর বিস্তারিত পর্যবেক্ষণের কথাও জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

