হেডলাইন

এসআইআর’র জন্য ১৬ দফা নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন

ভোটার তালিকা সংশোধনের কাজে স্বচ্ছতা ও গতি আনতে এবার নতুনভাবে ১৬ দফা গাইডলাইন প্রকাশ করল নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের জন্য এই নির্দেশিকায় বলা হয়েছে, কীভাবে তারা স্পেশাল ইনটেনসিভ রিভিশন পর্বে বাড়ি বাড়ি গিয়ে কাজ করবেন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখবেন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে প্রায় প্রতিটি ধাপে ডিজিটাল ট্র্যাকিং, স্থানীয় প্রচার এবং ফর্ম যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

১৬ দফা নির্দেশিকা
••••••••••••••••••••••••

• প্রতিটি বুথে বিএলও’র নাম ও মোবাইল নম্বর লিখে দেওয়া হবে। সিইও ও জেলাশাসকের ওয়েবসাইটেও এই তথ্য দেখা যাবে।
• বর্তমান ভোটার তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের প্রত্যেকের কাছে এনিউমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হবে।
• প্রতিটি ভোটারের কাছে ছবি, পার্ট নম্বর ও বুথ নম্বর-সহ দুটি ফর্ম যাবে।
• ভোটারকে বাড়িতে না পেলে লেটারবক্সে বা দরজার ফাঁকে ফর্ম ঢুকিয়ে দিয়ে আসতে হবে।
• ফর্ম জমা দিতে কোনও নথি প্রয়োজন নেই, তবে ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারও নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে।
• বুথ লেভেল অফিসাররা কমিশনের নির্ধারিত মোবাইল অ্যাপ ব্যবহার করে এপিক নম্বরের মাধ্যমে এই লিঙ্ক যাচাই করতে পারবেন।
• প্রতিটি ফর্ম যাচাই করে বিএলও’র স্বাক্ষর আবশ্যিক। দুটি ফর্মের একটি বিএলও নেবেন, অপরটি ভোটার রাখবেন।
• বিএলও প্রয়োজনে একাধিকবার ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম সংগ্রহ করবেন। ভোটার চাইলে সরাসরি ইআরও অফিসে জমা দিতে পারবেন।
• বাইরে থাকা ভোটাররা ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ‘সিইও ওয়েস্ট বেঙ্গল’ ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে পারবেন।
• ভোটার অনুপস্থিত থাকলে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে ফর্ম জমা দিতে পারবেন, তবে সম্পর্ক লিখতে হবে।
• ফর্ম জমা দিলেই খসড়া তালিকায় নাম উঠবে। জমা না দিলে নাম ওঠার সুযোগ থাকবে না।
• বারবার যোগাযোগ করেও ফর্ম না পেলে, বিএলএ ও ইআরও’দের মাধ্যমে ক্যাম্প করে ফর্ম সংগ্রহের ব্যবস্থা হবে।
• ২০০২ সালের তালিকায় লিঙ্ক না পাওয়া গেলে ইআরও বা এইআরও শুনানি ডাকবেন, সাতদিন সময় দেওয়া হবে।
• খসড়া তালিকা প্রকাশের পর ৫৪ দিনের মধ্যে দাবি ও আপত্তি জানানো যাবে।
• ৭ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর নাম না উঠলে, সরাসরি জেলাশাসক বা সিইও-র কাছে আবেদন করা যাবে।
• মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নাম তোলার আবেদন করা যাবে।

Share with