WB Assembly Election 2026হেডলাইন

গণতন্ত্র ও ভোটের অধিকারের বার্তা মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়াকে ঘিরে একদিকে যেখানে প্রশাসনিক তৎপরতা, অন্যদিকে সেখানে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। এর মধ্যেই গণতন্ত্র ও ভোটাধিকারের সুরে প্রকৃত ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভারচুয়ালি উদ্বোধন করেন চন্দননগরের একাধিক পুজো। যদিও তিনি সরাসরি SIR প্রসঙ্গ উল্লেখ করেননি, তাঁর বক্তব্যে স্পষ্ট উঠে এসেছে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার বার্তা।

মুখ্যমন্ত্রী বলেন,

“আমরা সকল উৎসবই পালন করি। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আর কিছু চাই না — আমাদের দেশ ভাল থাক, বাংলা ভাল থাক, মানুষ ভাল থাক। আমি ডিভাইড অ্যান্ড রুল চাই না। সব প্রকৃত ভোটার ভাল থাকুন। গণতন্ত্রের পিলারকে মজবুত রাখতে হবে। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার যেন সুরক্ষিত থাকে, সকলে যেন নিজ নিজ অধিকার প্রয়োগ করতে পারেন।”

ঐক্যের বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,

“মানবিকতা, মনুষ্যত্বই সবচেয়ে বড় ধর্ম। পাঁচটা আঙুল একসঙ্গে আছে বলেই আমাদের মুঠি শক্ত হয়। সাদা, কালো, ভালো, খারাপ, ছোট, বড়—সব সমাজে থাকে, কিন্তু বজ্রমুষ্ঠি আলাদা করা চলবে না। রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ ও শ্রীকৃষ্ণও এই কথাই বলেছেন।”

🔹 সারাদেশে শুরু হয়েছে SIR

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় দফায় SIR প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে।

অসমে ইতিমধ্যেই NRC প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, তাই সেখানে আলাদা করে SIR করা হচ্ছে না। কমিশনের মূল লক্ষ্য—ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে প্রকৃত ভোটারদের সুরক্ষা নিশ্চিত করা।

 

🔹 বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট

রাজ্যে SIR নিয়ে রাজনৈতিক মহলে তুমুল প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের দাবি, “এই প্রক্রিয়ায় যদি একজন প্রকৃত ভোটারেরও নাম তালিকা থেকে বাদ যায়, তাহলে রাস্তায় নামবে দল।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের নাম বাদ যাওয়ার আশঙ্কা থেকেই এই বিতর্কের সূত্রপাত। তাঁদের মতে, এই পরিস্থিতি বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

 

Share with