হেডলাইন

ই-আধার যোগে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

রাজ্যে এসআইআর শুরুর চারদিন পর কার্যকরী হল অনলাইন প্রক্রিয়া। শুক্রবার রাত থেকেই ও অনলাইন সংযোগ সম্পূর্ণ হয়েছে। এবার থেকে নির্বাচন কমিশনের ইসিআইনেট অ্যাপস থেকেই এনুমারেশন ফর্ম পাওয়া যাবে। ই-আধার লিঙ্ক করে ফর্ম ফিলআপ করতে পারবেন ভোটার বা তাঁর পরিজনেরা। ওই ফর্মে যে তথ্য লিপিবদ্ধ করা হবে তার জন্য যার আধার কার্ডের মাধ্যমে সংযোগ থাকবে তিনিই দায়বদ্ধ থাকবেন। উল্লেখযোগ্য, এনুমারেশন ফর্ম যিনি পূরণ করবেন তাঁকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে তিনি যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ সত্য এবং তাঁর অন্য কোথাও ভোটার কার্ড বা ভোটদানের সুযোগ নেই। এই তথ্য যদি অসত্য হয় সেক্ষেত্রে যিনি ফর্ম পূরণ করবেন তাঁর জেল ও জরিমানা দুইই হতে পারে। অর্থাৎ তথ্য গোপনের বা ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে যিনি অনলাইনে ফরম পূরণ করবেন তাকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কমিশনের পদাধিকারীরা জানিয়েছেন, অনলাইনে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখা হবে। ভোটার ম্যাপিং সহ বর্তমান ভোটার তালিকার তথ্যের সঙ্গে এলোমেলেশান ধর্মের তথ্য খতিয়ে দেখার পাশাপাশি মৃত ভোটার নিশ্চিতকরণে কমিশন যে যে পদ্ধতি অবলম্বন করেছে সেগুলোর সঙ্গে ওই তথ্যের সত্যতা যাচাই করা হবে। সেক্ষেত্রে অনলাইনে আবেদন করা ফরমেট জন্য অতিরিক্ত কোন তথ্য অথবা যাচাই করার প্রয়োজন হলে ওই ভোটারের বাড়িতে যাবেন সংশ্লিষ্ট বিএলও অথবা ওই ভোটারকে ডেকে পাঠাতে পারেন এইআরও বা ইআরও। সেক্ষেত্রে উপযুক্ত তথ্যপ্রমাণ দেখিয়ে খসড়া ভোটার তালিকায় নিজের নাম তোলা নিশ্চিত করতে পারবেন সংশ্লিষ্ট ভোটার। গত চার নভেম্বর রাজ্যে এস আই আর প্রক্রিয়ার শুরুর দিন থেকেই অনলাইন প্রক্রিয়া কবে থেকে চালু হবে তা জানতে চেয়েছেন সাধারণ মানুষও। অবশেষে শুক্রবার রাত থেকেই নির্বাচন কমিশনের ইসিআইনেট অ্যাপসে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার সুবিধা পেলেন ভোটাররা। একইসঙ্গে ভোটার’স সার্ভিস পোর্টালও চালু করেছে নির্বাচন কমিশন।

Share with