কলকাতায় দোকানে বাংলা সাইনবোর্ড – বাধ্যতামূলক করল পুরসভা
বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। শহরের প্রতিটি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, সাইনবোর্ডের শীর্ষে এবং সবচেয়ে বড় হরফে বাংলায় প্রতিষ্ঠানের নাম লেখা থাকতে হবে। নির্দেশ না মানলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলেও সতর্ক করেছে পুর কর্তৃপক্ষ। সম্প্রতি বিজেপিশাসিত কয়েকটি রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্কের পরিপ্রেক্ষিতেই তৃণমূল নেতৃত্ব বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সরব হয়। সেই অবস্থানকে সমর্থন করেই পুরসভার এই পদক্ষেপ।তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপুজোর মরসুমে ব্যবসায়ীদের অতিরিক্ত চাপ না দিতে এখনই পদক্ষেপ নেওয়া হবে না। কালীপুজোর পরে শহরজুড়ে পরিদর্শন শুরু হবে। মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে বলেছেন, “যে সব ব্যবসায়ী বাংলা ভাষায় হোর্ডিং দেবেন না, তাঁদের ট্রেড লাইসেন্স বাতিল হবে।”এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, শহরের সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয়কে তুলে ধরার জন্য এটি অত্যন্ত স্বাভাবিক ও প্রয়োজনীয় পদক্ষেপ। তবে কিছু ব্যবসায়ীর অভিযোগ, হঠাৎ করে পুরনো সাইনবোর্ড বদলানো তাদের জন্য অর্থনৈতিক চাপ তৈরি করবে।
পুরসভার দাবি, ব্যবসায়ী মহলকে চাপে ফেলার জন্য নয়, বরং কলকাতার স্বকীয় পরিচয়কে সবার সামনে তুলে ধরাই এই নির্দেশিকার উদ্দেশ্য। পুরসভার এক আধিকারিক বলেন, “বাংলা এই শহরের প্রাণ। সরকারি থেকে বেসরকারি— সর্বত্র বাংলার মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

