কলকাতার আর জি করের ছাত্রী অনিন্দিতার রহস্যমৃত্যুতে গ্রেপ্তার প্রেমিক
আর জি কর মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী অনিন্দিতা সোরেনের রহস্যমৃত্যু ঘিরে নতুন মোড়। শনিবার রাতে মালদহ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁর প্রেমিক উজ্জ্বল সোরেনকে। পুলিশ সূত্রে খবর, অনিন্দিতার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিশেষত, তাঁদের মধ্যে কোনও ঝামেলা চলছিল কি না, মৃত্যুর পেছনে আসল রহস্য কী, এমনকি অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা নিয়েও তদন্তকারীরা প্রশ্ন করেছেন।
উজ্জ্বল পুরুলিয়ার বাসিন্দা এবং মালদহ মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। অনিন্দিতা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মেয়ে, আর জি করে পড়াশোনা করছিলেন। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনুষ্ঠানের সূত্র ধরেই দু’জনের পরিচয়, পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।
তদন্তকারী সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে তাঁদের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছিল। সম্প্রতি বালুরঘাটে নিজের বাড়িতে যান অনিন্দিতা। সোমবার কলকাতায় ফেরার কথা বলে বের হলেও, পরে অনিন্দিতার বাবা-মায়ের কাছে ফোন যায় উজ্জ্বলের কাছ থেকে। মৃতার মায়ের অভিযোগ, তাঁকে জানানো হয় অনিন্দিতা মালদহ মেডিক্যালে ভর্তি। এই খবর শুনে হতবাক পরিবার। তাঁদের প্রশ্ন, কলকাতা ফেরার কথা বলে বেরোনো অনিন্দিতা কীভাবে মালদহে পৌঁছল?
পুলিশ এখন উজ্জ্বলকে হেফাজতে নিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

