হেডলাইন

কমিশনের পরামর্শে কলকাতা পুলিশে ফের প্রশাসনিক পুনর্গঠন ও দায়িত্ব বন্টন

সুদীপ্ত চট্টোপাধ্যায়

ভোটের সময় যত এগিয়ে আসছে, ততই কলকাতা পুলিশের অন্দরে প্রশাসনিক পুনর্গঠন ও নজরদারি বাড়ানো হচ্ছে। তাই ভোটের মুখে নির্বাচন কমিশনের পরামর্শে কলকাতা পুলিশের প্রশাসনিক দায়িত্ব বন্টনে রদবদল করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। যুগ্ম ও অতিরিক্ত কমিশনার স্তরে দায়িত্ব বণ্টনে ব্যাপক পরিবর্তন করল লালবাজার।

নতুন নির্দেশিকা অনুযায়ী, যুগ্ম কমিশনার (সদর) হিসেবে সুদীপ সরকারকে আইন-শৃঙ্খলা, কন্ট্রোল রুম, নির্বাচন সেল-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। অপর দিকে, সোমা দাস মিত্রকে যুগ্ম কমিশনার (অপরাধ) হিসেবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সাইবার ও আদালত সংক্রান্ত বিষয়গুলির দায়িত্বে আনা হয়েছে। ইন্টেলিজেন্স শাখার দায়িত্ব দেওয়া হয়েছে দেবস্মিতা দাসকে। সংশ্লিষ্ট নিরাপত্তা সংক্রান্ত দফতরগুলি তাঁর তত্ত্বাবধানে থাকবে। পাশাপাশি ট্রাফিক ও পরিবহণ-সংক্রান্ত একাধিক বিষয় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন যুগ্ম কমিশনার ট্রাফিক রূপেশ কুমার। নির্বাচনকে মাথায় রেখে আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক তৎপরতা জোরদার করতেই এই পদক্ষেপ বলে মনে করছে প্রশাসনিক মহল।

পক্ষান্তরে, অতিরিক্ত কমিশনার স্তরেও দায়িত্ব বণ্টনে পরিবর্তন আনা হয়েছে। আইন-শৃঙ্খলা, নির্বাচন সেল, সশস্ত্র পুলিশ ও বিশেষ বাহিনী—একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের তদারকি করবেন দেবেন্দ্র প্রকাশ সিং। একইসঙ্গে ট্রাফিক, সিসিটিভি সেল, ডায়াল ১০০, কমিউনিটি পুলিশিং— এই সব ক্ষেত্রের দায়িত্ব দেওয়া হয়েছে সন্তোষ পাণ্ডের হাতে। গোয়েন্দা সংক্রান্ত তদারকির দায়িত্ব পেলেন ধ্রুবজ্যোতি দে। এছাড়া আধুনিকীকরণ, নিয়োগ, আর্থিক ও প্রশাসনিক দফতরগুলির দায়িত্বে অশেষ বিশ্বাস।

লালবাজার সূত্রে খবর, ভোটের আগে প্রশাসনের ভিত মজবুত করতে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই পুনর্বিন্যাস করা হয়েছে। বিশেষ করে নির্বাচন সেল, আইন-শৃঙ্খলা এবং গোয়েন্দা শাখাকে আরও সক্রিয় করতে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Share with