Uncategorized

লোকসভা নির্বাচনে ওয়েব কাস্টিং-এ গাফিলতি, সংশ্লিষ্ট কোম্পানির ব্যাঙ্ক গ্যারান্টি বাজেয়াপ্ত

 

গত লোকসভা নির্বাচনে ওয়েব কাস্টিংয়ের দায়িত্বে থাকা বেসরকারি কোম্পানি ফোকম নেট প্রাইভেট লিমিটেডের ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন। ২ কোটি ৫৯ লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি ফ্রিজ বা বাজেয়াপ্ত করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গেছে। যেহেতু চব্বিশের নির্বাচনে ওয়েব কাস্টিংয়ের ক্ষেত্রে ব্যাপক গরমিল পাওয়া গেছে তার কারণ দর্শানোর জন্য ইতিমধ্যেই একাধিকবার শো-কজ করা হয়েছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ফোকম-কে। চব্বিশের নির্বাচনে গাফিলতির জেরে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ওয়েব কাস্টিং-এর দায়িত্বে নতুনভাবে টেন্ডার করে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে একাধিকবার শোকজ করা হলেও কারণ দর্শানোর প্রয়োজন বোধ করেনি ফোকোম। পাল্টা হাইকোর্টে মামলা দায়ের করে ওই কোম্পানি। ওয়েব কাস্টিং-এর চুক্তি অনুযায়ী পেনাল্টির জন্য টাকা কেটে নিয়ে বাকি টাকা কমিশনের পক্ষ থেকে মিটিয়ে দেওয়া হয়েছে আগেই। যদিও সিকিওরিটি ডিপোজিট হিসেবে প্রায় আড়াই কোটির বেশি টাকা ব্যাংক গ্যারান্টি হিসেবে গচ্ছিত ছিল। ৩১ আগস্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার আগেই আদালতের অনুমতি নিয়ে ব্যাংক গ্যারান্টির টাকা বাজেয়াপ্ত করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানানো হয়েছে নির্বাচনের দিন বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে ওয়েব কাস্টিং কাজ করেনি। কোথাও ওয়েব কাস্টিং এর ক্যামেরায় চুইংগাম লাগিয়ে দেওয়া হয়েছে অথবা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আবার কোথাও ক্যামেরার লেন্স অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এর পাশাপাশি প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটির কারণেও বহু বুথে যথাযথভাবে ওয়েব কাস্টিং কাজ করেনি। ভোটের দিনে ওয়েব কাস্টিং যথাযথভাবে কাজ না করলেও আই কোম্পানিকে ইতিমধ্যেই পেমেন্ট করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ওই কোম্পানির যে ব্যাংক গ্যারান্টির টাকা গচ্ছিত আছে তা বাজেয়াপ্ত করার প্রস্তাব দিয়েছিল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। দপ্তরের পক্ষে আইনজীবী সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আদালতকে বিস্তারিত তথ্য জানিয়ে ব্যাঙ্ক গ্যারান্টি বাজেয়াপ্ত করার অনুমতি আদায় করে নেন। সোমবার ওই কোম্পানির প্রায় আড়াই কোটি টাকার ব্যাংক গ্যারান্টি রাজ্য সিইও দপ্তরের অ্যাকাউন্টে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Share with