ট্রেন্ডিংহেডলাইন

মহালয়ার সকালে বিক্ষিপ্ত বৃষ্টি, বেলা বাড়লে পূর্বাভাস বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির

ψরাত পোহালেই মহালয়া। নিম্নচাপের ভ্রুকুটির মধ্যেই কেমন থাকবে মহালয়ার আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগামীকাল মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে পুরোপুরি মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতাতেও বেলা বাড়লে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জমিয়েছেন উত্তর আন্দামান সাগর সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি ২২ সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারি বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। কলকাতাসহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
মঙ্গলবার ও বুধবার ভারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার এই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে অবশ্য আজ থেকেই ভারি বৃষ্টির সম্ভাবনা। ভারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। আগামীকাল রবিবার থেকে ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ ও কাল উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবারেও পার্বত্য এলাকা এবং মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

Share with