মহালয়ার দিন থেকেই জেলার পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী
মহালয়ার দিন থেকেই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি জেলার পুজো উদ্বোধন। আগামী ২১ সেপ্টেম্বর, রবিবার চেতলা অগ্রণীর পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতো এবারেও কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজোয় মা দুর্গার চোখ আঁকবেন তিনি।
নবান্ন সূত্রে খবর, চেতলা অগ্রণী থেকেই এ বছর জেলার পুজো উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী। গতবারও চেতলা থেকে সূচনা করেছিলেন জেলার উদ্বোধনের, সঙ্গে দেশপ্রিয় পার্ক ও বডিগার্ড লাইন থেকেও একাধিক পুজো উদ্বোধন করেছিলেন। এবারের সূচিও মোটামুটি একই থাকবে বলেই জানা যাচ্ছে। তিন দিনের জন্য জেলার বিভিন্ন পুজো উদ্বোধনের সময় বরাদ্দ রাখা হয়েছে। এর আগে মহালয়ার আগেই কলকাতার বেশ কিছু পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসুর পুজো, পাশাপাশি কলকাতার আরও বেশ কিছু বড় বড় পুজো মণ্ডপে গিয়ে উদ্বোধন করবেন তিনি।

