হেডলাইন

মমতার উন্নয়ন মডেল পাথেয় করেই ডোমকলের প্রার্থী চর্চায় কামরুজ্জামান

আসন্ন বিধানসভা নির্বাচনে ডোমকল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কে ? তা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে জোর জল্পনা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক শক্তির বিচারে এবং মতপার্থক্য এড়িয়ে দলীয় সংহতি বৃদ্ধির প্রশ্নে দলীয় মহলের একাংশের মতে, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মন্ডলের নামই এখন প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছে।
দলীয় সূত্রে খবর, তাঁকে প্রার্থী করা হলে বিরোধী শিবির থেকেও বড়সড় যোগদানের সম্ভাবনা তৈরি হতে পারে। দাবি উঠেছে, জাতীয় কংগ্রেসের অন্তত পাঁচ থেকে সাতজন ব্লক স্তরের নেতা তাঁদের কর্মী-সমর্থক নিয়ে তৃণমূলে যোগ দিতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সারাংপুর ৫ নম্বর অঞ্চল থেকে প্রায় এক হাজারেরও বেশি কংগ্রেস কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিতে পারেন বলে দাবি স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের। কামরুজ্জামান মন্ডলের নাম সামনে আসার পর দলীয় বিভাজনও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকরা। এমনকি কামরুজ্জামানকে
সমর্থনের তালিকায় প্রাক্তন বিধায়ক জাফিকুল ইসলামের বিরোধী শিবিরের একাধিক নেতাও রয়েছেন বলে সূত্রের খবর। ফলে নির্বাচনের আগে দলকে স্থানীয় স্তরে একজোট করার ক্ষেত্রেও এই পরিস্থিতি বড় ভূমিকা নিতে পারে বলে মত রাজনৈতিক মহলের। কামরুজ্জামান মণ্ডল জানিয়েছেন
“নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেন সেটাই আমরা শিরোধার্য বলে মনে করি। ওনার নির্দেশিত পথেই আমরা এলাকায় উন্নয়নের কাজ করি ও আগামীতেও করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সততা এবং কর্মকে গুরুত্ব দেন। আমি এবং আমার সঙ্গে যাঁরা রয়েছেন তারা দলের মতামতকেই অগ্রাধিকার দেয়। ফলের স্বার্থে আমরা একজোট হয়ে লড়াই করব।”

শুধু দলীয় সংহতি রক্ষার ক্ষেত্রেই নয় বিধানসভা স্তরে সংগঠন বাড়ানোর দিকেও কামরুজ্জামানকে সমর্থনের কারণ রয়েছে। জানা গেছে, অন্তত ১৭ জন প্রাক্তন কাউন্সিলর, ৪ জন অঞ্চল সভাপতি, ৩ জন জেলা পরিষদ সদস্য এবং প্রায় ২০ জন পঞ্চায়েত সমিতির সদস্য তাঁর পাশে রয়েছেন। এর ফলে নির্বাচনের আগে শক্তিশালী সাংগঠনিক ভিত তৈরি করাও যথেষ্ট সহজ হবে বলেই মনে করছেন ডোমকলে শাসকগোষ্ঠীর অনেকেই। সবমিলিয়ে বর্তমান রাজনৈতিক সমীকরণ ও সংগঠনের সমর্থনের নিরিখে কামরুজ্জামান মন্ডল ডোমকল বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন একথাই বলা যায়।

Share with