হেডলাইন

মনোনয়ন জমা শেষের ১০ দিন আগে ফর্ম ৬ জমা দিলেই ২৬-এ ভোট দেবেন নতুন ভোটাররা

সুদীপ্ত চট্টোপাধ্যায়

মনোনয়ন জমা শেষের ১০ দিন আগে পর্যন্ত নতুন ভোটার হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য ফর্ম ৬ জমা দেওয়া যায়। তার পরেও ফর্ম ৬ জমা দিতে বাধা না থাকলেও সেই আবেদনগুলি চুড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য গণ্য করা হয় না। তদনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য ২৭ মার্চ পর্যন্ত যারা ফর্ম ৬ জমা দিয়েছেন তাঁদের আবেদনগুলো খতিয়ে দেখে যদি যোগ্য বলে বিবেচিত হয় তাহলে তাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। একই নিয়মে দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ফর্ম ৬-এর ডেডলাইন ৩০ মার্চ।

সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, আগে ১৮ বছর বয়সী ভোটাররা নতুন ভোটার হিসেবে ভোটার তালিকায় নাম তোলার জন্য বছরে একটি নির্দিষ্ট সময়ে আবেদনের সুযোগ পেতেন। একুশের নির্বাচনের পর নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী বছরে চার বার এই সুযোগ পায নতুন প্রজন্ম। তবে মনোনয়ন জমা শেষের ১০ দিন আগে নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার কাজ বন্ধ করা হয়। নির্বাচন কমিশনের এই নিয়মের অন্যথা করার ক্ষমতা কারোর নেই বলেও জানিয়েছেন সিইও। তবে ভোট মিটে গেলে ফের ফর্ম ৬ আবেদনগুলি খতিয়ে দেখার কাজ শুরু হয় এবং নিয়ম মেনেই ভোটার তালিকা আপডেট করার কাজ চলে।

বিচারাধীন ভোটারদের কত শতাংশ এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন সে ব্যাপারে কিছু না বলতে পারলেও সিইও জানান, বাদ পড়ে যাওয়া বিচারাধীন ভোটারদের জন্য ট্রাইবুনাল যাতে দ্রুত তৈরি হয় সেজন্য সিইও দপ্তর তাগাদা দিচ্ছে। তিনি জানান, জোকায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ভবনে এই ট্রাইবুনাল তৈরি হবে যেখানে একসঙ্গে নির্ধারিত ১৯ জন অবশ্য প্রাপ্ত বিচারপতি বিভিন্ন জেলার জন্য ট্রাইব্যুনালের কাজ করবেন। সিইও’র আশ্বাস ” খারিজ হয়ে যাওয়া বিচারাধীন ভোটারের নাম ভোটার তালিকায় গ্রহণ করার অধিকার কোনো প্রশাসনিক আধিকারিকের নেই। যদি এরকম কোন ঘটনার অভিযোগ ওঠে তাহলে তাঁকে কড়া এবং উপযুক্ত শাস্তি পেতে হবে।”

Share with