নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলায় অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার রাতে আলিপুর আদালতের বিচারক ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। তবে আপাতত তিনি জেলমুক্ত হচ্ছেন না, কারণ প্রাথমিক শিক্ষকের নিয়োগ দুর্নীতির মামলায় তিনি এখনও জেল হেফাজতেই রয়েছেন। সিবিআইয়ের বিশেষ আদালতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় চার্জ গঠন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে সেই শুনানিতে উপস্থিত ছিলেন পার্থ।উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। এর পর ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও গয়না। শুধু টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ ফ্ল্যাট থেকেই ২১ কোটি ৯০ লক্ষ টাকা নগদ পাওয়া যায়। পরবর্তী তল্লাশিতে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আরও ২৭ কোটি ৯০ লক্ষ টাকা।সব মিলিয়ে ইডি দাবি করে, অর্পিতার ফ্ল্যাট দু’টি থেকে নগদ ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা, প্রায় ৫ কোটি টাকার গয়না এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে।

