Uncategorized

নির্বাচন কমিশনে আধিকারিক নিয়োগে প্যানেল পাঠাল নবান্ন

 

কলকাতার সিইও দপ্তরে শূন্য পদে আধিকারিক নিয়োগের জন্য প্যানেল পাঠাল নবান্ন। বুধবার রাজ্য সরকারের তরফে মোট ন’জন আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এই তালিকা থেকে তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আধিকারিক নিয়োগের ক্ষেত্রে এর আগে নিয়মমাফিক নামের প্যানেল পাঠিয়েছিল নবান্ন। কিন্তু সেই নামের প্যানেল বাতিল করে দেয় কমিশন। ‌ যুক্তি ছিল, যে নামের প্যানেল পাঠানো হয়েছিল তাদের কেউ নির্বাচনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন নয়। ফের নামের প্যানেল পাঠাতে বলা হয়। গত মাসের মধ্যে নামের প্যানেল পাঠানোর কথা ছিল। ‌ একটু দেরিতে হলেও নবান্ন নিয়মমাফিক ফের নামের প্যানেল পাঠিয়েছে। রাজ্য সরকারের কর্মী বর্গ বিভাগের পক্ষ থেকে নামের প্যানেল পাঠানো হয়েছে।যে তিনটি পদে নিয়োগ হবে সেগুলি হল,অ্যাডিশনাল সিইও, জয়েন্ট সিইও এবং ডেপুটি সিইও। নতুন তালিকা পাঠাতে দেরি হওয়ায় কমিশনের তরফে রিমাইন্ডার চিঠি পাঠানো হয়েছিল মুখ্যসচিবকে। অবশেষে বুধবার নবান্নের তরফে সংশোধিত প্যানেল পাঠানো হয়েছে। অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার হিসাবে যে তিনজনের নাম পাঠানো হয়েছে তারা হলেন, আইএএস ইয়লোচুরি রত্নাকর রাও,এস. অরুণ প্রসাদ ও ডঃ গোদালা কিরণ কুমার। জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসার হিসাবে যাদের নাম প্যানেল হিসাবে পাঠিয়েছে রাজ্য সরকার তারা হলেন, আইএএস সাদ্দাম নাবাস, শিভালা অভিজিৎ তুকারাম ও হরিশংকর পানিক্কের। পাশাপাশি ডেপুটি ইলেক্টোরাল অফিসার হিসাবে রাজ্যের কর্মী বর্গ বিভাগ থেকে পাঠানো হয়েছে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ভাস্কর পাল, তানিয়া পারভীন ও রিজওয়ান আহমেদের নাম। তিনটি ক্ষেত্রে মোট নয় জলের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে। ‌

Share with