হেডলাইন

নির্বাচন কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য প্রশাসনকে কড়া বার্তা কমিশনের

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

এসআইআর-এর শুনানি কেন্দ্র সহ রাজ্যের পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, এসডিও অফিস বা ওয়ার্ড অফিস গুলিতে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এব্যাপারে যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের একটি নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। কমিশন কঠোর পদক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে লেখা চিঠিতে।

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৪ জানুয়ারির মধ্যে রাজ্যের সমস্ত পঞ্চায়েত ভবন বিডিও অফিস এসডিও অফিস এবং সহরাঞ্চলের ওয়ার্ড অফিসে লজিক্যাল ডিসক্রিপ্যান্সি সংক্রান্ত তালিকা টানানো হবে বলে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে জানিয়েছে কমিশন। এই কর্মসূচি পালন করতে গিয়ে নির্বাচন কর্মীরা যাতে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হন সে ব্যাপারে সুনিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসন ও পুলিশকে। এমনকি সোনালী কেন্দ্রগুলোতে যেভাবে একের পর এক সংঘর্ষ ভাঙচুর এবং নির্বাচন কর্মীদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে সেই ঘটনার যাতে আর কোন পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে রাজ্য বা কলকাতা পুলিশ- প্রশাসনকে কড়া ভাষায় বার্তা দিয়েছে কমিশন। প্রতিটি ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষিত বন্দোবস্ত করতে হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি রাজ্য প্রশাসনকে এসআইআর-এর বর্ধিত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত পরিমাণে সরকারি কর্মী যোগানের বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও যদি এই বিষয়গুলি যথাযথ ভাবে রাজ্য প্রশাসন পালন না করে সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এমতাবস্থায় একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অন্যদিকে নির্বাচন কমিশনের কড়া বার্তার মধ্যে সামঞ্জস্য লিখে একই সঙ্গে প্রশাসনিক কাজ সম্পন্ন করে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করে রাজ্য প্রশাসন সেটাই দেখার।

Share with