হেডলাইন

নজরে তিন জেলা, রাজ্যে আসছেন জ্ঞানেশ ভারতী

সুদীপ্ত চট্টোপাধ্যায়

নজরে দুই বর্ধমান ও হুগলি। বার বার নির্দেশ দেওয়া সত্বেও এই তিন জেলা যথাযথভাবে নির্বাচন কমিশনের গাইডলাইনকে মান্যতা দিচ্ছে না বলে অভিযোগ। তিন জেলার মধ্যে প্রথম দফার ভোটে রয়েছে পশ্চিম বর্ধমান, যেখানে আর কয়েকদিন পরেই বুথ্মুখী হবেন ১৯,৬৫,০৯৫ জন ভোটার। এই পরিস্থিতিতে এই তিন জেলার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে থাকবেন অভিনব আগরওয়াল এবং এসবি জোশী। আগামী সোমবার ১৩ এপিল দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নামবেন কমিশনের তিন কর্তা। সোমবার কেবলমাত্র পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হবে। মঙ্গলবার পূর্ব বর্ধমান ও হুগলি জেলার সঙ্গে বৈঠক শেষ করে বুধবার সকালে সিইও দপ্তরে জরুরি বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। বুধবার রাতেই কমিশনের তিন কর্তা ফিরে যাবেন দিল্লি।

এসআইআর পর্বেই রাজ্যে যে ৭টি জেলার বিরুদ্ধে চুড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছিল তার মধ্যে ছিল দুই বর্ধমান ও হুগলি। বার বার বলার পরেও কমিশনের গাইডলাইনকে মান্যতা দিতে গাফিলতির অভিযোগ উঠেছে এই তিন জেলার বিরুদ্ধে। হাতে মাত্র আর কটা দিন, তার পরেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। সেই আবহেই পশ্চিম বর্ধমান সহ আরও দুই জেলার সঙ্গে কমিশনের উচ্চপদস্থ কর্তাদের সরেজমিনে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগেও সিইও দপ্তরে হওয়া বৈঠকে এই তিন জেলা নির্বাচনী আধিকারিকরা জ্ঞানেশ ভারতীর ক্ষোভের মুখে পড়েছিলেন। কমিশনের গাইডলাইনকে মান্যতা দেওয়ার নির্দেশ দিয়ে শেষবারের মত হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার। এবার প্রথম দফা ভোটের প্রাক্কালে শুধুমাত্র এই তিন জেলার জন্য দিল্লি থেকে সরাসরি জেলায় জেলায় কমিশন কর্তাদের ভিজিটকে নিয়ে আগ্রহ তুঙ্গে। তিন জেলায় জ্ঞানেশ ভারতীর এই বৈঠকে সিইও সঙ্গে থাকবেন না, বরং কলকাতা থেকেই মনিটরিং করবেন বলে কমিশন সূত্রে জানা গেছে।

Share with