হেডলাইন

নথি আপলোড হয়নি, লক্ষাধিক ভোটারের নাম বাদের শঙ্কা, “তুঘলকি কমিশন” কটাক্ষ মুখ্যমন্ত্রীর

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

১৪ ফেব্রুয়ারি শুনানি পর্ব শেষ হলেও এখনও লক্ষাধিক ভোটারের নথি অনলাইনে আপলোড করা যায়নি বলে কমিশন সূত্রে খবর। সময়সীমা পেরিয়ে গেলেও নথি আপলোড না হওয়ায় ১ লক্ষ ১৪ হাজার ৭৭২ জন ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী, শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সমস্ত নথি নির্দিষ্ট সময়ের মধ্যে সিস্টেমে আপলোড করা বাধ্যতামূলক। কিন্তু প্রযুক্তিগত বা দীর্ঘসূত্রিতার কারণে বিপুল সংখ্যক নথি আপলোডের কাজ এখনও ঝুলে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, যাঁদের নথি আপলোড হয়নি, তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় না থাকারই সম্ভাবনা। তবে তাঁদের আবেদন জানানোর পথ খোলা রয়েছে এবং বিধি মেনেই পরবর্তী পদক্ষেপ করা যাবে বলে তিনি স্পষ্ট করেছেন।এদিকে, এত বিপুল সংখ্যক নাম তালিকার বাইরে থেকে যাওয়ার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে।
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন
” শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ১৪ তারিখ পর্যন্ত শুনানি চলার কথা ছিল। অথচ সেদিন বিকেল ৩টার সময় লগ-ইন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। ” তাঁর অভিযোগ, ” লক্ষাধিক মানুষের নথি প্রসেস হয়ে গেলেও তা সিস্টেমে তোলার সুযোগ দেওয়া হয়নি। ” এই ঘটনাকে তিনি ‘তুঘলকি আচরণ’ বলেও কটাক্ষ করেন। জানা গেছে,
সোমবার রাত থেকেই একাধিকবার সিস্টেম ডাউন হয়েছে। মঙ্গলবার সকালেও একই সমস্যা দেখা গিয়েছে বলে খবর। ফলে শেষ দিনে জমা পড়া বহু নথি সিস্টেমে তোলা যায়নি বলেও অভিযোগ উঠেছে।
ইতিমধ্যেই কতজন ভোটারের নথি আপলোড হয়নি এবং কেন এই সমস্যা তৈরি হয়েছে—সিইও দপ্তরের কাছে তা জানতে চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকেও। সময়সঙ্কট না প্রশাসনিক ত্রুটি, কোন কারণে এই জটিলতা তৈরি হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। সিইও জানিয়েছেন, ইতিমধ্যেই এ বিষয় নিয়ে জেলাশাসকদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক শুধু রিপোর্ট পাঠিয়েছেন। বাকিদের থেকে কোন রিপোর্ট আসেনি। ‌
কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় জেলায় নথি আপলোড বাকি থাকা ভোটারদের সংখ্যা হল —

আলিপুরদুয়ার — ৪৮১৭
বাঁকুড়া — ৮৭
বীরভূম — ২৯৩৮
কোচবিহার — ১০৪৭৯
দক্ষিণ দিনাজপুর — ১০২৮৫
দার্জিলিং — ৫২৭১
হুগলি — ৫৬৮৫
হাওড়া — ১০৪৯৯
জলপাইগুড়ি — ২৮৪৯
ঝাড়গ্রাম — ০
কালিম্পং — ০
কলকাতা উত্তর — ১৫০৩১
কলকাতা দক্ষিণ — ১৪৬১
মালদা — ০
মুর্শিদাবাদ — ৩৯৩৭
নদিয়া — ২০৮৯
উত্তর ২৪ পরগনা — ২০৭০৭
পশ্চিম বর্ধমান — ৩৪৬
পশ্চিম মেদিনীপুর — ৪৫৮
পূর্ব বর্ধমান — ৪৮১৮
পূর্ব মেদিনীপুর — ৬৮
পুরুলিয়া — ৭১৭
দক্ষিণ ২৪ পরগনা — ৫৪৯৮
উত্তর দিনাজপুর — ৬৭৩২

Share with