প্রায় ১০ হাজার নতুন ভোটার কার্ড ফেরত ! ‘ধীরে চলো’ পদক্ষেপ সিইও দপ্তরের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
এসআইআর আবহে প্রায় ১০ হাজার নতুন ভোটার কার্ড ফেরত আসা নিয়ে বিড়ম্বনায় সিইও দপ্তর। নির্বাচন কমিশন সূত্রে খবর, নিয়ম মেনে ডাক বিভাগের মাধ্যমে ওই ভোটার কার্ডগুলি সংশ্লিষ্ট ভোটারদের ঠিকানায় পাঠানো হলেও প্রাপকদের খোঁজ না মেলায় কার্ডগুলি দপ্তরে ফেরত এসেছে। তাহলে এই কার্ডগুলির ভবিষ্যত কি ? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ” বিষয়টি আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনও পদক্ষেপ করা হবে না। ” তাঁর বক্তব্য, যাঁদের নামে এই ভোটার কার্ডগুলি ইস্যু করা হয়েছে, যদি চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম থাকে, তবে পুনরায় নির্ধারিত পদ্ধতি মেনেই সেই কার্ডগুলি যোগ্য ভোটারদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে।
মূলত, ঠিকানা সংক্রান্ত ত্রুটি, বাড়ি পরিবর্তন কিংবা ভুল তথ্যের কারণেই অনেক ক্ষেত্রে ডাক বিভাগের পক্ষ থেকে প্রাপকের সন্ধান মেলে না। চূড়ান্ত তালিকা প্রকাশের পর সমস্ত তথ্য ফের একবার খতিয়ে দেখে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই ধরনের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে যাচাই করেই যোগ্য ভোটার চিহ্নিত করাই কমিশনের কৌশল। যাতে কোনও যোগ্য ভোটার বঞ্চিত না হন, সেই বিষয়টিকেই অগ্রাধিকার দিতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন আধিকারিকরা।

