প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি যাচাই করবেন বিচারকরা, ন্যায্য-অন্যায্য ভোটারদের কারণও দর্শাতে হবে
সুদীপ্ত চট্টোপাধ্যায়
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সাপ্লিমমেন্টারি তালিকায় কত ভোটারের নাম থাকবে ? কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি যাচাই বা নিষ্পত্তির কাজ করবেন সুপ্রিম কোর্ট নির্দেশিত জুডিশিয়াল অফিসার তথা বিচারকরা। এই বিচারকরা জিনিসপত্তি বা যাচাইকরনের কাজ করবেন তার ভিত্তিতেই সাপ্লিমেন্টারি তালিকা তৈরি হবে। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুডিশিয়াল অফিসার বা বিচারকরা যাদের নাম তালিকায় রাখবেন তার স্বপক্ষে যেমন যুক্তি দেখাতে হবে তেমনি যাঁদের নাম বাদ যাবে বা রাখা হবে না তা কেন বাদযোগ্য সেটাও লিখিতভাবে তাঁদের জানাতে হবে।
কমিশন সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্ট নির্দেশিত জুডিশিয়াল অফিসাররা যে নিষ্পত্তির কাজ করবেন তা সবচেয়ে বেশি মুর্শিদাবাদ জেলায়। এছাড়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে তুলনামূলক নথি যাচাইয়ে কাজ বেশি বলে জানানো হয়েছে।তবে ঝাড়গ্রাম ও কালিম্পঙ জেলায় যাচাইকরন বা নিস্পত্তির কাজ সবচেয়ে কম। উল্লেখযোগ্য, প্রায় ১কোটি ৫২ লক্ষ ভোটারকে শুনানির নোটিস দেওয়া হয়েছিল। তার মধ্যে প্রায় ৩২ লক্ষ আনম্যাপড বলে উল্লিখিত। বাকি ১ কোটি ২০ লক্ষ লজিকাল ডিসক্রিপ্যান্সির আওতাভুক্ত। জানা গেছে, আনম্যাপড ভোটারদের নিষ্পত্তির কাজ আধিকাংশ সম্পূর্ণ করেছেন ইআরও-এইআরও রা। যেটুকু পুনরায় যাচাই করার কথা সেগুলোর পাশাপাশি লজিকাল ডিসক্রিপ্যান্সির একটা বড় অংশ নিষ্পত্তি করতে হবে বিচারকদের। যে সংখ্যাটি কম বেশি ৬০ লক্ষ বলে জানা গেছে।
সিইও দপ্তর সূত্রে জানা গেছে, জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণের কাজ সম্পূর্ণ হয়েছে। পোর্টালও সচলভাবে কাজ করছে। তবে বিধানসভা ভিত্তিক কাজ পরিচালনা করার জন্য এখনো প্রয়োজনীয় সংখ্যায় জুডিশিয়াল অফিসার পাওয়া যায়নি। ইআরও ভিত্তিক যাচাইয়ের কাজ পরিচালিত হলে সম্পূর্ণ নিষ্পত্তির কাজ দ্রুত ও সঠিকভাবে করা যাবে বলে হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে প্রথম দিনেই জানিয়েছিল কমিশন। অনুযায়ী অন্ততপক্ষে ২৯৪ জন বিচারক বা জুডিশিয়াল অফিসার প্রয়োজন হলেও এখনো পর্যন্ত কমবেশি ২০০ জন বিচারক পাওয়া গিয়েছে যাদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সমস্যার সমাধান করেছে কমিশন।কমিশনের কর্তাদের আশা ২৯৪ টি বিধানসভার জন্য বিধানসভা প্রতি বিচারক বা জুডিশিয়াল অফিসার শীঘ্রই পাওয়া যাবে। অন্যথায় যাচাই করুন বা নিষ্পত্তির কাজে দেরি হবে।

