প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ, পরিস্থিতি তদারকি করতে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
অতিবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে থেকে গোটা পরিস্থিতি মনিটরিং করতে চান মুখ্যমন্ত্রী নিজে। সে কারণেই রবিবার দুর্গাপুজো কার্নিভাল শেষ করেই সোমবার উত্তরবঙ্গে পাড়ি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য নবান্নে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। একইসঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুমকেও যুক্ত করা হয়েছে যার দুটি নম্বর হল ০৩৩-২২১৪ ৩৫২৬/ ০৩৩-২২৫৩৫১৮৫। দুটি টোল ফ্রি নাম্বার সংযুক্ত করা হয়েছে। যেগুলি হল ১০৭০ এবং ৯১-৮৬৯৭৯৮১০৭০।
গত ১২ ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকা জুড়ে ৩০০ মিলিমিটারের বেশি লাগাতার বৃষ্টিপাত হয়েছে। একইসঙ্গে সিকিম ও ভুটান পাহাড় থেকে সংকোশ নদী বাহিত অতিরিক্ত জলধারা এই বৃষ্টিপাতের জলের সঙ্গে মিশে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। এর ফলে মিরিক কালিম্পং দার্জিলিংয়ের একাংশ সহ জলপাইগুড়ি মাটিগাড়া ও আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অংশ যেমন প্লাবিত হয়েছে তেমনি দুটি লোহার ব্রিজসহ একাধিক ব্রিজ, দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অংশের জমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে একাধিক প্রাণহানির খবরও পাওয়া গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে জেলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক মহকুমা বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে। উত্তরবঙ্গের এই পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসন সহ উত্তরবঙ্গের যাবতীয় প্রশাসনিক কর্তাদের সজাগ সতর্ক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। গোটা পরিস্থিতির তদারকি করতে সোমবার ই মুখ্য সচিব কে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। ভার্চুয়ালি রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, উত্তরবঙ্গের সব জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপার, জিটিএ চিফ অনিত থাপা এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক করে এই পরিস্থিতিতে কি করতে হবে এবং কি করা প্রয়োজন সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কন্ট্রোল রুমের মাধ্যমে রাজ্য প্রশাসন গোটা পরিস্থিতি নজর রাখছে। প্রশাসনিক আধিকারিক এবং পুলিশকর্তারা যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দুর্গতদের সাহায্য করছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গসহ পাহাড়ে যেসব পর্যটকরা আটকে রয়েছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ তাঁরা যেখানে আছেন সেখানেই থাকুন। প্রশাসনিক কর্তা বা পুলিশ কর্তারা তাদের কাছে পৌঁছে তাঁদেরকে ফিরিয়ে আনবেন। এব্যাপারে পর্যটকদের চিন্তার কোন কারণ নেই বলে উল্লেখ করে গোটা উদ্ধার কাজ করা হবে রাজ্য সরকারের উদ্যোগে এবং সরকারি খরচায় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার বর্গের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বজনহারা পরিবারগুলির পাশে থেকে তাদের সার্বিক সাহায্যে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

