প্রাকৃতিক দুর্যোগের জের, এসআইআর প্রস্তুতি বৈঠকে অব্যাহতি পেল উত্তরবঙ্গ
সুদীপ্ত চট্টোপাধ্যায়
প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের জেলাগুলির জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক আপাতত স্থগিত রাখলো নির্বাচন কমিশন। আগামী ৮ অক্টোবর রাজ্য সিইও দপ্তরে রাজ্যে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে সমস্ত জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক, ইআরও , এইআরও এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সামলে বিশেষ করে ত্রাণ সামগ্রী বিলি বন্টন, মৃতদের পরিবারের পাশে দাঁড়ানো থেকে দুর্গতদের উদ্ধার করার ক্ষেত্রে জেলাশাসক থেকে প্রশাসনিক কর্তাদের যে দায়িত্ব পালন করতে হয় সে কথা মাথায় রেখেই ৮ অক্টোবরের বৈঠক উত্তরবঙ্গের জেলাগুলিকে বাদ দিয়েই করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এর ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির বাস্তবতা ও বাধ্যবাধকতা বিচার করে উত্তরবঙ্গের জেলাগুলিকে এই বৈঠক থেকে ছাড় দেওয়া হয়েছে। চলতি মাসের শেষের দিকে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলির জন্য নতুন বৈঠকের দিন নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখযোগ্য, দুর্যোগপূর্ণ পরিস্থিতি জেরে সোমবার তড়িঘড়ি উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন মুখ্য সচিব বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবসহ শীর্ষস্থানের প্রশাসনিক আধিকারিকরা। এই পরিস্থিতিতে জেলাশাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলার ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করতে দফায় দফায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলির শীর্ষস্তরের আধিকারিকদের নিয়ে এসআইআর প্রস্তুতির বৈঠক করা কার্যত অসম্ভব। কাব্যিক বিচার বিবেচনা করে অবশেষে উত্তরবঙ্গের জেলাগুলিকে এসআইআর সংক্রান্ত ৮ অক্টোবরের বৈঠকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন।

