প্রথম দফা নির্বাচনী বিজ্ঞপ্তির প্রাক্কালে ৮৩ বিডিও বদল
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যে প্রথম দফা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের ২৪ ঘণ্টা আগেই রাজ্যের ৮৩ জন বিডিও তথা এআরও-কে বদলি করল নির্বাচন কমিশন। কেন এই রদবদল তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি নির্বাচন কমিশনের অবর সচিব শক্তি শর্মা। মূলত, প্রথম দফার প্রায় প্রতিটি জেলাতেই একাধিক বিডিও বা এআরওকে বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এক জেল থেকে অন্য জেলায় স্থানান্তর করা হয়েছে এআরও-দের। ক’দিন আগেই নন্দীগ্রামের রিটার্নিং অফিসর বদলের পর এবার নন্দীগ্রামের দুজন বিডিও তথা এআরও-কে বদল করল কমিশন। নন্দীগ্রাম ১ এবং ২ ব্লকের বিডিও নাজিরুদ্দিন সরকার ও শুভদীপ চৌধুরীকে বদল করে তাঁদের স্থলাভিষিক্ত হয়েছেন দুই ডব্লিউবিসিএস এগজিকিউটিভ সঞ্জয় শিকদার ও দেবোত্তম সরকার (রঘুনাথগঞ্জ থেকে)। এছাড়াও ডায়মন্ডহারবার ১ এবং ২ ব্লক, ব্যারাকপুর ১, সন্দেশ্খালি ২, বারাসাত ১, শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের বিডিও সহ মোট ১৮ টি জেলায় এই রদবদল করল নির্বাচন কমিশন। তবে নির্দেশিকায় মোট ৮৪ টি ব্লকের উল্লেখ থাকলেও জানানো হয়েছে বীরভূমের সিউড়ি ১ ব্লকের বিডিও হাসনাত আলি ব্যতিরেকে বাকি ৮৩ জনের বদলির নির্দেশিকা অবিলম্বে কার্যকর করা হবে। রদবদলের কারণ উল্লেখ করা না হলেও সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রে নির্বাচনকে প্রভাবিত করতে পারেন এমন অভিযোগের ভিত্তিতেই এই রদবদল হয়েছে বলে মনে করছেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা।

