Uncategorized

পশ্চিমবঙ্গে এসআইআর নথি তালিকায় স্বাস্থ্যসাথী, রেশন ও আধার কার্ড যুক্ত করার প্রস্তাব রাজ্যের

 

সুদীপ্ত চট্টোপাধ্যায়

রাজ্যে এসআইআর প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশনের নথিভুক্ত ১১টি নথির সঙ্গে আধার কার্ড, রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ডকে যুক্ত করতে চায় রাজ্য সরকার। এই মর্মে রাজ্য সিইও দফতরের কাছে প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে রাজ্য। বুধবার দিল্লিতে এসআইআর সংক্রান্ত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে দেশের অন্যান্য সিইও-দের সঙ্গে যোগ দেবেন এরাজ্যের সিইও মনোজ আগরওয়াল।
রাজ্যের এই প্রস্তাবসহ মঙ্গলবার বিকেলেই নির্বাচন কমিশনে রিপোর্টের খসড়া পাঠিয়েছেন সিইও। বুধবার রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি ও রাজ্যের নথি-প্রস্তাব নিয়ে কমিশনের ফুল বেঞ্চকে ব্যাখ্যা দেবেন মনোজবাবু। প্রসঙ্গত,
জাতীয় নির্বাচন কমিশনের কাছে নথিভুক্ত থাকা নাগরিকত্ব নিয়ে প্রামাণ্য নথির বাইরে আরও কোনো নথি সংযুক্ত করা যায় কিনা তা রাজ্যগুলির কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। প্রতিটি রাজ্যের সিইও-দের মাধ্যমে এই বিকল্প নথি প্রস্তাব চেয়ে পাঠানো হয় রাজ্যগুলির কাছে। বুধবার নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত যে বৈঠকে বসছে সেখানেই এই বিকল্প নথি-প্রস্তাব নিয়ে আলোচনা হবে। কমিশনের নির্দেশ মোতাবেক রাজ্য সরকারের কাছে বিকল্প নথি-প্রস্তাব জানতে চান রাজ্যের সিইও। মঙ্গলবার রাজ্যের পক্ষ থেকে সিইও দপ্তরকে বিকল্প প্রস্তাব হিসেবে আধার কার্ড রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড এই তিনটি নথির কথা উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়েছে।

উল্লেখযোগ্য, সোমবার সুপ্রিম কোর্ট বিহারে কমিশনের নির্দেশিত ১১ টি নথির সঙ্গে দ্বাদশ নথি হিসেবে আধার কার্ড কে সংযুক্ত করার নির্দেশ দিলেও সেই নির্দেশ প্রতিটি রাজ্যে কমিশন কার্যকরী করবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তাছাড়া যে ১১ টি নথি কমিশনের নথিভূক্ত তা দিয়ে রাজ্যের সমস্ত ভোটারকে যাচাই করা সম্ভব কিনা তা নিয়েও মতান্তর রয়েছে। সেকথা মাথায় রেখেই আধার, রেশন ও স্বাস্থ্যসাথী কার্ডকে বেছে নিয়ে নির্বাচন কমিশনকে এরাজ্যে এসআইআর নথির সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। শুধু রাজ্য সরকারই নয়, জেলাশাসকদের কাছেও এ বিকল্প প্রস্তাব চেয়ে পাঠানো হয়েছিল। সার্বিকভাবে আলোচনার পর এই তিনটি নথি এস আই আর প্রক্রিয়া সামান্য নথিগুলির সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব দিয়েছে রাজ্য। এর আগে বিহারের এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী বংশতালিকাকে সামান্য নটি হিসেবে যুক্ত করে নির্বাচন কমিশন। তামিলনাড়ুর ক্ষেত্রেও আগেই বিকল্প প্রস্তাব দেয়া হয়েছিল কমিশনকে। তাছাড়া এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতেই নির্বাচন কমিশন জানিয়েছিল যে রাজ্যে রাজ্যে নথির তালিকা বিভিন্ন হতে পারে। অর্থাৎ রাজ্যগুলির প্রকৃতি, অবস্থান এবং যেন বিন্যাস বা জনভিত্তি অনুযায়ী নথির প্রকারভেদ হওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল কমিশন। সে কারণেই বিহারের পথ পশ্চিমবঙ্গ গোটা দেশে এসআইআর প্রক্রিয়া চালুর আগে রাজ্যভিত্তিক বিকল্প নথি-প্রস্তাব চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। বুধবার দিল্লিতে সিইওদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে এই বিকল্প প্রস্তাবগুলির গুরুত্ব এবং এসআইআর প্রক্রিয়ায় সেগুলির অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হবে। তার ভিত্তিতেই রাজ্যে রাজ্যে এসআইআর সংক্রান্ত নথির বৈচিত্র থাকতে পারে বলেও কমিশন সূত্রে খবর।

Share with