রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ফেব্রুয়ারির শেষ দিনে, শুনানি শেষ ১৪ ফেব্রুয়ারি
সুদীপ্ত চট্টোপাধ্যায়
সোমবারই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়ে দিল আগামী ২৮ ফেব্রুয়ারি এসআইআর পর্ব শেষ করে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গে চলতি এসআইআর কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন করে শুনানির কাজ শেষের দিন নির্ধারিত হয়েছে ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন নির্ধারিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি। সুপ্রিম নির্দেশের জেরে
তা আরও দুই সপ্তাহ পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের দিন ধার্য করল কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৯ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সব দফতরকে তা কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, নোটিস সংক্রান্ত শুনানির কাজ শেষ করতে হবে ১৪ ফেব্রুয়ারির মধ্যে। নথি যাচাই ও নিষ্পত্তির কাজ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি ২৫ ফেব্রুয়ারির মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রগুলির পুনর্বিন্যাস বা র্যাশনালাইজেশন এবং ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় পরিকাঠামোগত পরীক্ষা সম্পন্ন করার কথা বলা হয়েছে কমিশনের নির্দেশিকায়। নির্বাচনকে সামনে রেখে তালিকা সংশোধনের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে তৎপর কমিশন।

