ট্রেন্ডিংহেডলাইন

রাজ্যে এসআইআর করতে কর্মীর অভাব, কমিশনের কাছে কর্মী চাইছে সিইও দফতর

সুদীপ্ত চট্টোপাধ্যায়

দুর্গাপুজোর মতোই রাজ্যে আসন্ন এসআইআর। অথচ এই বিরাট কর্মযজ্ঞ পালনের জন্য রাজ্যে পর্যাপ্ত কর্মী নেই। বিশেষ করে দৈনিক প্রেস নোট তৈরি করা থেকে হাজারো নথি ডিজিটাইজড করার জন্য প্রয়োজন বিপুল সংখ্যক ডাটা এন্ট্রি অপারেটর। অথচ এ রাজ্যে তার যোগান নগণ্য। তাই রাজ্যে এসআইআর-এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশন কে পর্যাপ্ত কর্মীর অভাবের কথা লিখে চিঠি দিচ্ছেন। চিঠিতে এনআইসি’র থেকে যোগ্য ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে পর্যাপ্ত কর্মচারী নিয়োগ করার জন্য কমিশনের কাছে আবেদন জানানো হবে বলে সূত্রের খবর। জানা গেছে, প্রায় আটশ ডেটা এন্ট্রি অপারেটর লাগবে গোটা রাজ্যের জন্য। এর সঙ্গে আনুষঙ্গিক কাজের জন্য আরও শ’খানেক কর্মচারীর প্রয়োজন যা এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে নেই। তাই কিছুটা বাধ্য হয়েই কর্মী স্বল্পতার কথা জানিয়ে কমিশনকে চিঠি দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। যদিও এইসব কর্মীরা এজেন্সির মাধ্যমে
অস্থায়ীভাবে কাজ করবেন। তবে এজেন্সির সঙ্গে চুক্তি করেই এইসব কর্মচারীদের এসআইআর কাজের জন্য নেওয়া হবে। এজেন্সির কর্মীরা যাতে কোনওভাবেই জালিয়াতি করতে না পারেন সেজন্যই এই চুক্তির অবতারণা। কোনরকম জালিয়াতি ধরা পড়লে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে সিইও দপ্তরের পক্ষ থেকে।

Share with