রাজ্যে নির্বাচন ও এসআইআর নিয়ে তথ্যচিত্র ; শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস সিইও-র
সুদীপ্ত চট্টোপাধ্যায়
এসআইআর পর্বকে মধ্যমণি করে পশ্চিমবঙ্গের প্রায় ৭৫ বছরের নির্বাচনী ইতিহাসকে এক সূত্রে গেঁথে বিশেষ তথ্যচিত্র তৈরি করতে চলেছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর। আসন্ন ২৫ জানুয়ারি জাতীয় ভোটার’স ডে উপলক্ষে এই বিশেষ ডকুমেন্টারি প্রকাশ পাবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজ্যের নির্বাচন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতালব্ধ এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট বিভাগ কর্তৃক অনুমোদিত সংস্থার মাধ্যমেই এই তথ্যচিত্র প্রকাশ করবে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর। সর্বাধিক ৩০ মিনিটের এই তথ্যচিত্রে তুলে ধরা হবে স্বাধীনতা পরবর্তী রাজ্যের নির্বাচনী ইতিহাস এবং সাম্প্রতিক এসআইআর পর্ব। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রাক্তন সচিব জহর সরকার যখন
এরাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক পদে কর্মরত ছিলেন তখন রাজ্যে নির্বাচনী ইতিহাস নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছিল। তবে নির্বাচনী গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজ্যের নির্বাচনী ইতিহাস ও এসআইআর নিয়ে তথ্যচিত্র প্রকাশের উদ্যোগ এই প্রথম।
মূলত, দেশে সাধারণ নির্বাচন শুরু হয়েছিল ১৯৫২ সালে। তারপর থেকেই প্রতিটি রাজ্যে নির্দিষ্ট নিয়ম মেনে লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে চলেছে। গোটা দেশে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পথিকৃৎ হিসেবেও পশ্চিমবঙ্গের নাম ওতপ্রোতভাবে জড়িত। কারণ নির্বাচন কমিশনের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছিলেন একজন বাঙালি, সুকুমার সেন। সেই ইতিহাসকে তুলে ধরে রাজ্যে গণতন্ত্রের ধ্বজা প্রতিষ্ঠিত করতে রাজ্যের বিধানসভা নির্বাচনগুলোর ভূমিকা তুলে ধরাই এই প্রচেষ্টার অন্যতম শর্ত বলে জানিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। রাজ্যে ইতিমধ্যেই ১৮ টি লোকসভা এবং ১৭ টি বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৬ সালে রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে রাজ্যে যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর পর্ব চলছে তা এই ডকুমেন্টারি অন্যতম অঙ্গ হিসেবে তুলে ধরা হবে। ১৯৫২ সাল থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কিভাবে নির্বাচনী গণতন্ত্রে রাজসুয় যজ্ঞ পালিত হয়েছে সেই তথ্যচিত্রের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে রাজ্যের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন এসআইআর-এর কোলাজ তুলে ধরা হবে। তবে হাতে আর এক মাসও নেই, তাই দ্রুত লয়ে এই কাজ সম্পন্ন করতে চায় সিইও দপ্তর। মনোজবাবুর আশ্বাস ” নির্বাচনী গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনরকম অশান্তি হবে না। গণতান্ত্রিক ঐতিহ্য মেনেই সুশৃংখল ও শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে।”

