হেডলাইন

রাজ্যে ফৌজদারি মামলায় অভিযুক্ত বা জামিনে মুক্ত নেতাদের সরকারি নিরাপত্তা ফেরাবে কমিশন

সুদীপ্ত চট্টোপাধ্যায়

প্রয়োজনীয়তার নিরিখে রাজ্যের বিভিন্ন গুরুত্বপুর্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সরকারি নিরাপত্তার বিষয়টি পুনর্বিবেচনা করতে চায় নির্বাচন কমিশন। যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বা যাঁরা জামিনে বা প্যারোলে রয়েছেন, এমন ব্যক্তিদের এবং যাঁদের ক্ষেত্রে পদমর্যাদা বা প্রকৃত হুমকির ভিত্তিতে নিরাপত্তা প্রাপ্য নয়, তাঁদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সিইও দপ্তর ও রাজ্য প্রশাসনের বৈঠকে এই নির্দেশ দেওয়া হয। সেই মোতাবেক রাজ্যের সমস্ত জেলা প্রশাসনগুলিকে চিঠি দিয়ে কমিশনের নির্দেশের কথা জানিয়ে দিয়েছে রাজ্য সিইও দপ্তর। চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্র ও পুলিশ জেলা বা কমিশনারেট ভিত্তিতে বর্তমানে কারা কেন্দ্র ও রাজ্যের পক্ষ থেকে নিরাপত্তা পাচ্ছেন, তাঁদের নাম ও পদসহ বিস্তারিত তালিকা দ্রুত পাঠাতে হবে। রাজ্য পুলিশের নোডাল অফিসারকে দায়িত্ব নিয়ে
এই তথ্য শুক্রবার দুপুরের মধ্যে কমিশনে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

মূলত, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সাধারণ অপরাধীদের সঙ্গে ফৌজদারি মামলায় অভিযুক্ত নেতা বা রাজনৈতিক ব্যক্তির যে মৌলিক পার্থক্য নেই তা বুঝিয়ে দিয়েছে কমিশন। সরকারি নিরাপত্তাকে পুঁজি করে নির্বাচনের আগে ওই নেতাদের দৌত্য প্রশমনে রাখতেই এধরনের সিদ্ধান্ত বলেই মনে করছেন পদস্থ আধিকারিকরা। বস্তুত, ২০২৬ সালের শুরুর নিরিখে ভারতে সর্বোচ্চ সংখ্যক ভিভিআইপি এবং রাজনীতিবিদ নিরাপত্তা প্রাপ্তদের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। সরকারি সূত্র অনুযায়ী রাজ্যে তিন হাজারেরও বেশি ব্যক্তি সরকারি নিরাপত্তা পেয়ে থাকেন। ঝুঁকির মাত্রা মূল্যায়নের ভিত্তিতে রাজ্য (পশ্চিমবঙ্গ পুলিশ) এবং কেন্দ্রীয় (সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ) উভয় স্তরেই নিরাপত্তা দেওয়া হয়। ২০২১ সালের নির্বাচন-পরবর্তী হিংসা এবং চলমান রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে, বিরোধী দলের (বিজেপি) বহু নেতা ও প্রার্থীকে সিআইএসএফ এবং সিআরপিএফ কমান্ডো ইউনিটসহ কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হয়েছে।পাশাপাশি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সহ উচ্চস্তরের নেতৃত্বদের জেড বা জেড+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। প্রাণের ঝুঁকি ও হুমকি মূল্যায়নের উপর ভিত্তি করে নিরাপত্তাকে জেড+ (সর্বোচ্চ) থেকে এক্স (সর্বনিম্ন) পর্যন্ত বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়।

Share with