হেডলাইন

রাজ্যে সাড়ে চার হাজারের বেশি সাহায্যকারী বুথ, প্রথম দফায় আরও শতাধিক কোম্পানি বাহিনী

সুদীপ্ত চট্টোপাধ্যায়

এসআইআর পর্ব শেষে সাড়ে চার হাজারের বেশি বুথে ১২০০-র বেশি ভোটার থাকায় রাজ্যে বাড়তে চলেছে সাহায্যকারী বুথ বা অক্সিলারি বুথের সংখ্যা। আর বুথের সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আসন্ন বিধানসভা ন্নির্বাচনে রাজ্যে বাড়তে পারে কেন্দ্রীয় বাহিনীও। অবশ্য সাহায্যকারী বুথের চুড়ান্ত তালিকায় নির্বাচন সদন যতক্ষণ সিলমোহর না দিচ্ছে ততক্ষণ অতিরিক্ত বাহিনীর রিক্যুইজিশন কমিশনকে দিতে পারছে না সিইও দপ্তরও।

জানা গেছে, ১২০০-র বেশি ভোটার রয়েছেন রাজ্যে এরকম বুথের সংখ্যা ৪,৬৬০ টি। ফলে নিয়ম অনুযায়ী রাজ্যে ৪,৬৬০টি সাহায্যকারী বুথ তৈরি করার প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠিয়েছে সিইও দপ্তর। যদিও সেই প্রস্তাবে এখনও সিলমোহর দেয়নি কমিশন। এদিকে অতিরিক্ত বুথ হলে বুথ নিরাপত্তা থেকে ভোটার নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত বাহিনীও প্রয়োজন। সিইও দপ্তরের হিসেব অনুযায়ী ২,৪০০ কোম্পানির সঙ্গে আরও কমপক্ষে ১২৪ কোম্পানি বাহিনী দরকার। সেই মোতাবেক তালিকাও প্রস্তুত। তবে সাহায্যকারী বা অক্সিলারি বুথের সংখ্যায় কমিশন চুড়ান্ত অনুমোদন দেওয়ার পর অতিরিক্ত বাহিনীর প্রস্তাব দিল্লিতে পাঠাবে সিইও দপ্তর।

বস্তুত, রাজ্যে ৮০ হাজার ৬৮১ বুথে ২০২১ সালের বিধানসভা নির্বাচন সম্পন্ন হলেও ২০২৫-এ প্রতি বুথে সর্বোচ্চ ভোটার সংখ্যা ১৫০০ থেকে কমিয়ে ১২০০ হওয়ায় ভোট বুথের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়। জেলাশাসকদের প্রস্তাবিত রিপোর্ট অনুযায়ী রাজ্যে আরও ১৪ হাজারের বেশি বুথ তৈরি করার কথা বলা হয। যদিও এসআইআরের সৌজন্যে ইতিমধ্যেই রাজ্যে ৬৩ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। তাই বহুতলে নতুনভাবে তৈরি হওয়া ৫৮ টি প্রধান বুথ যুক্ত হওয়া ছাড়া আর কোনও বুথ তৈরির প্রয়োজন হয়নি রাজ্যে। সেকারণে রাজ্যে বুথ পুনর্বিন্যাসের কাজও স্থগিত রাখা হয়। সেই অনুযায়ী রাজ্যে দু’দফার নির্বাচনের জন্য দফায় দফায় প্রাথমিকভাবে মোট ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন। গত ১০ মার্চের মধ্যে রাজ্যে দুই দফায় ৪৮০ কোম্পানি বাহিনী পৌঁছেছে। একাধিক দফায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরও ১,৯২০ কোম্পানি বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে।
এই অবস্থায় রাজ্যে আরও ১২৪ কোম্পানি বাহিনী পাঠানোর প্রস্তাব মান্যতা পেলে রাজ্যে প্রথম দফার নির্বাচনে মোট ২,৫২৪ কোম্পানি বাহিনী ব্যবহৃত হতে পারে।

Share with