রাজ্যে সাইলেন্স পিরিয়ড নিয়ে নির্দেশিকা জারি, নির্দেশ অমান্যে কঠোর পদক্ষেপের বার্তা
সুদীপ্ত চট্টোপাধ্যায়
নির্বচনী বিধি মেনে ভোটগ্রহণ শেষের নির্ধারিত ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ পর্যন্ত ‘ সাইলেন্স পিরিয়ড ‘ ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলেও জানিয়েছে কমিশন। সাইলেন্স পিরিয়ডে কোনও ধরনের নির্বাচনী প্রচার, মতামত বা রাজনৈতিক বার্তা সম্প্রচার করা যাবে না বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সহ পাঁচ নির্বাচনমুখী রাজ্য এবং আট রাজ্যের বিধানসভা উপনির্বাচনের জন্যও এই নির্দেশিকা জারি করেছে কমিশন।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১২৬ ধারায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকে। এই সময়সীমায় টেলিভিশন, রেডিও, কেবল নেটওয়ার্ক বা অন্য কোনও মাধ্যমে এমন কোনও বিষয়বস্তু প্রচার করা যাবে না, যা কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রভাব ফেলতে পারে।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। সেক্ষেত্রে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত ‘সাইলেন্স পিরিয়ড’ কার্যকর থাকবে। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল হওয়ায় ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে একই সময়সীমা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
কমিশন স্পষ্ট করেছে, এই সময় টিভি চ্যানেল বা রেডিও আলোচনায় অংশ নেওয়া অতিথি বা প্যানেলিস্টদের মন্তব্যও যেন কোনওভাবে ভোটারদের প্রভাবিত না করে, তা নিশ্চিত করতে হবে। এমনকি কোনও মতামত সমীক্ষা বা রাজনৈতিক বার্তাও এই সময় প্রচার করা যাবে না।
- একইসঙ্গে কমিশন ফের মনে করিয়ে দিয়েছে, ৯ এপ্রিল সকাল ৭টা থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত রাজ্যে এক্সিট পোল সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ দু’বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা, অথবা উভয় শাস্তিই হতে পারে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

