হেডলাইন

রেলপথে পানীয় জলের দাম কমালো রেলওয়ে বোর্ড

রেল যাত্রায় মহালয়ার মাহেন্দ্রক্ষণে রেল যাত্রীদের জন্য সামান্য স্বস্তির খবর। রেল দপ্তরের নিজস্ব পানীয় জল ‘ রেল নীর ‘ সহ আইআরসিটিসি ও অন্যান্য ব্রান্ডের ক্ষেত্রেও সর্বাধিক খুচরো মূল্য লিটার প্রতি ১ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে বোর্ড। কেন্দ্রীয় অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে এই সিদ্ধান্তের নির্দেশিকা প্রকাশ করল ভারতীয় রেল মন্ত্রক। নির্দেশিকার জানানো হয়েছে পানীয় জলের সর্বাধিক খুচরা মূল্য লিটার প্রতি ১৫ টাকা ছিল তা নতুন নির্দেশিকা অনুযায়ী করা হয়েছে লিটার প্রতি ১৪ টাকা। একইভাবে হাফ লিটারের পানীয় জলের বোতলের সর্বাধিক খুচরো মূল্য ১০ টাকা থেকে কমিয়ে নির্ধারিত হয়েছে ৯ টাকা। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানিয়েছে ভারতীয় রেল বোর্ড। ভারতীয় রেল মন্ত্রকের এই সিদ্ধান্ত আইআরসিটিসি সহ রেল বোর্ডের অনুমতিপ্রাপ্ত সংশ্লিষ্ট সমস্ত ব্রান্ডের কোম্পানিগুলিকে সোমবার থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা জারির সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কোম্পানিগুলির কাছে তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও ভারতীয় রেলবোর্ড সূত্রে জানানো হয়েছে। ফলে নতুন দামে রেল যাত্রাপথে যাত্রীরা সোমবার থেকেই পানীয় জল পাবেন বলে জানিয়েছেন রেল দপ্তরের কর্তারা।

Share with