১০ সেপ্টেম্বর দিল্লিতে এসআইআর বৈঠক, সব সিইওদের উপস্থিতি বাধ্যতামূলক জানালো কমিশন
সুদীপ্ত চট্টোপাধ্যায়
এসআইআর প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিল্লিতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের তলব করল নির্বাচন কমিশন।
বিহারের পর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে এই বৈঠক থেকেই ইঙ্গিত মিলবে বলে মনে করছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। দিল্লির নির্বাচন সদন থেকে বৃহস্পতিবার এই মর্মে কমিশনের সচিব দেশের সমস্ত সিইওদের বাধ্যতামূলকভাবে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠিয়েছেন। কমিশনের পাঠানো চিঠিতে যে অনুষ্ঠান সূচি উল্লেখ করা হয়েছে তার ভিত্তিতে জানা গেছে এই বৈঠকে এসআইআর নিয়ে একটি বিশেষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হবে। যা উপস্থাপন করবেন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার। একইসঙ্গে এস আই আর বাস্তবায়নের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বা প্রতিটি সিইও দপ্তরকে কি কি পদ্ধতি অবলম্বন করে এগোতে হবে তা বিশদে জানাবেন সদ্য এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা বিহারের সিইও নিজেই। আগামী ১০ সেপ্টেম্বর দিনভর দিল্লিতে এই আলোচনাসভা চলবে। আলোচনা পর্বের শেষের দিকে বক্তব্য রাখবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিনের আলোচনা সভায় মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের নির্দেশ দেওয়া হয়েছে ৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এস আই আর নিয়ে প্রস্তুতি ও পরিকল্পনা সংক্রান্ত প্রেজেন্টেশন নির্বাচন সদনে পাঠাতে হবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই একাধিকবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্যের সিইও-দের কাছে ইস এয়ার সংক্রান্ত প্রস্তুতি ও ইআরও এবং এইআরও-দের নিযুক্তির বিষয়ে রিপোর্ট চেয়েছে। গত ২৯ আগস্ট ডেড লাইন হলেও এখনও পর্যন্ত এ রাজ্য থেকে এ সম্বন্ধে কমপ্লায়েন্স রিপোর্ট কমিশনে পাঠানো হয়নি। তবে সব রাজ্যের সিইওদের নিয়ে এসআইআর সংক্রান্ত এ ধরনের আলোচনায় বিহারের পর পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলিতে এস আই আর প্রক্রিয়া চালু পড়া নিয়ে কমিশনের কি ভাবনা তার স্পষ্ট হবে বলেই মনে করছে রাজ্য সিইও দপ্তর। যেহেতু সব রাজ্যের সিইওদের এই বৈঠকে বাধ্যতামূলক উপস্থিতির কথা বলা হয়েছে সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া চালুর ক্ষেত্রে নানাবিধ সমস্যার কথাও উঠতে পারে এই বৈঠকে। বিশেষ করে সামনেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে উৎসব মরশুম। সেইসব ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভাবনা কি সে বিষয়ক স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে বলে মনে করছেন রাজ্য সিইও দপ্তরের পদস্থ কর্তারা।

