হেডলাইন

শেষ হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সপ্তাহব্যাপী চলা ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল বৃহস্পতিবার। রবীন্দ্র সদনে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে বর্ণাঢ্য পরিবেশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, শান্তনু মৈত্র, সৃজিত মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল, ইন্দ্রনীল সেন, দেব এবং সাংসদ মহুয়া মৈত্র-সহ বাংলা সিনেমা জগতের একাধিক বিশিষ্ট শিল্পী। চলতি বছরে ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন গৌতম ঘোষ। তাঁকেই এ বছরের জীবনকৃতী সম্মানে ভূষিত করা হয়।
‘বেঙ্গলি প্যানোরমা’ বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে ‘পড়শি’। অন্যদিকে, তথ্যচিত্র বিভাগে ‘যাপনের পটকথা (দ্য সাগা অফ গ্লোরিয়াস লাইফ: বিজয়লক্ষ্মী বর্মন)’ জিতে নিয়েছে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার। শর্ট ফিল্ম বিভাগে বিজয়ী হয়েছে ‘নাইংমা… থ্রু হার আইস’। আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ‘টু দ্য ওয়েস্ট ইন জাপটা’ (কিউবা) পেয়েছে সেরা আন্তর্জাতিক ফিল্মের পুরস্কার, এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার ললিত রথনায়েক (রিভারস্টোন)।
এছাড়াও সেরা ভারতীয় ভাষার ছবি হিসেবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ‘কাংবো আলোতি’।হীরালাল সেন পুরস্কার বিভাগে সেরা পরিচালক হয়েছেন প্রদীপ কুরবাহ, আর সেরা ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে ‘ছোরা যাস্তাই (শেপ অফ মোমো)’। NETPAC পুরস্কার পেয়েছে ‘ভিক্টোরিয়া’, আর FIPRESCI সেরা আন্তর্জাতিক ছবি হিসেবেও নির্বাচিত হয়েছে ‘টু দ্য ওয়েস্ট ইন জাপটা’।
বিশেষ জুরি মেনশন পেয়েছে দুটি ভারতীয় তথ্যচিত্র , ‘জিলিপিবালার বন্ধুরা’ এবং ‘মাই লাস্ট ফেস: কুংবারা’। ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে বিশেষ স্বীকৃতি পেয়েছে ‘বিউটিফুল ইভিনিং, বিউটিফুল ডে’।
কলকাতার রবীন্দ্র সদনের জমজমাট সন্ধ্যায় চলচ্চিত্রপ্রেমীদের করতালিতে মুখরিত হয়ে উঠেছিল গোটা প্রেক্ষাগৃহ। মুখ্যমন্ত্রী বলেন, “চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজের প্রতিচ্ছবি। কলকাতা চলচ্চিত্র উৎসব এই শহরের গর্ব।”

Share with