বিশেষহেডলাইন

শিয়রে এসআইআর ; বাংলা সহ তিন রাজ্যে এসআইআর পাঠ নিতে ওড়িশার ইআরও-রা

সুদীপ্ত চট্টোপাধ্যায়

এসআইআর প্রক্রিয়ায় এবার শিক্ষকের ভূমিকায় পশ্চিমবঙ্গ। এসআইআর সম্বন্ধে হাতে কলমে শিক্ষা নিতে ওড়িশা থেকে ইআরও দের একটি প্রতিনিধি দলকে এই রাজ্যে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে পাঠানো চিঠিতে ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিক আর এস গোপালন জানিয়েছেন ৮ জানুয়ারি থেকে চার দিনের জন্য বাংলায় পাঠানো হচ্ছে ওড়িশার ইআরও-দের একটি প্রতিনিধিদলকে। যারা মাঠে নেমে এসআইআর প্রক্রিয়ার বাস্তবতা, তার পদ্ধতিগুলিকে বোঝা, সর্বোত্তম পদ্ধতি কি হতে পারে অথবা প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন হতে হবে এবং সেই বাধা অতিক্রম করতে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তা হাতে-কলমে শিখবেন। তাঁদের প্রশিক্ষণ দেবেন এরাজ্যের আধিকারিকরা। এসআইআর-এর কাজে সাফল্য পেতে কি ধরনের কৌশল অবলম্বন করতে হবে এবং এই প্রক্রিয়ার একদম বুনিয়াদি স্তরে সাফল্য অর্জনে কি রূপরেখা তৈরির প্রয়োজন, লোকবল কিভাবে কাজে লাগাতে হবে সে সম্বন্ধে বাস্তবের মাটি থেকে শিক্ষা নিতে চান ওড়িশার ইআরও-রা। অবশ্য শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু এবং রাজস্থানেও ইআরও প্রতিনিধিদল পাঠিয়েছে ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।

উল্লেখযোগ্য, বিহারের পর পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যে দ্বিতীয় দফায় এসআইআর প্রক্রিয়া চালু রয়েছে। ইতিমধ্যেই এই রাজ্যগুলোতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা তৈরির জন্য ঝাড়াই-বাছাই ও শুনানির কাজ চলছে। এখনো পর্যন্ত এই ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে সবচেয়ে কম ভোটারের নাম বাদ গিয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। এই পরিস্থিতিতে তৃতীয় দফায় ওড়িশায় এসআইআর প্রক্রিয়া চালু হবে ধরে নিয়ে এসআইআর প্রক্রিয়াকে ওই রাজ্যে সফলভাবে বাস্তবায়িত করতে পশ্চিমবঙ্গসহ আরও দুই রাজ্যে এসআইআর-এর কাজে গ্রাউন্ড জিরো থেকে অভিজ্ঞতা নিতে চায় ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সে কারণেই ওড়িশার প্রতিনিধি দলকে এসআইআর প্রক্রিয়ার অ আ ক খ বুঝতে পশ্চিমবঙ্গ সহ সংশ্লিষ্ট আরও দুই রাজ্যের সিইওদের কাছে সার্বিক সাহায্যের আবেদন করেছেন ওড়িশার সিইও আর এস গোপালন।

Share with