হেডলাইন

সুপ্রিমধাক্কা কেন্দ্রের-রাজ্যে শুরু হচ্ছে ১০০ দিনের কাজ

১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে বড়সড় আইনি ধাক্কা খেল মোদি সরকার। কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট সোমবার কেন্দ্র সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গে ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ১০০ দিনের কাজ প্রকল্প।
সোমবার বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতা’র বেঞ্চ কেন্দ্রকে উদ্দেশ করে বলেন,
“আপনারা মামলা তুলে নেবেন, না কি আমরা খারিজ করব?”এর পরেই আদালত কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়। ফলে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্যে অবিলম্বে ১০০ দিনের কাজের টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রকে। প্রায় চার বছর পর এই প্রকল্প ফের চালু হতে চলেছে। উল্লেখ্য গত ১৮ জুন, কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস-এর বেঞ্চ জানায়,“দুর্নীতি রুখতে কেন্দ্র চাইলে রাজ্যকে শর্ত দিতে পারে, তবে প্রকল্প বন্ধ রাখা যাবে না।”তৎকালীন সময়ে প্রধান বিচারপতি বলেন,
“অভিযোগগুলি ২০২২ সালের আগের। তদন্ত করুন, কিন্তু কাজ বন্ধ রাখবেন না।”
হাই কোর্টের সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র, কিন্তু শীর্ষ আদালত সোমবার কেন্দ্রের দাবি নাকচ করে দেয়।
রাজ্যে গত তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ। কেন্দ্রের অভিযোগ, প্রকল্পের টাকা বণ্টনে দুর্নীতি হয়েছে , প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে অন্যদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছে। এই অভিযোগেই প্রকল্পের টাকা আটকে রেখেছিল কেন্দ্র।অন্যদিকে রাজ্য সরকারের দাবি, কেন্দ্র অন্যায়ভাবে দরিদ্র মানুষের জীবিকার প্রকল্প বন্ধ করে রেখেছিল।

Share with