হেডলাইন

উদ্বোধন উডবার্ন-২, কম খরচ অথচ টেক্কা দেবে বেসরকারি হাসপাতালকে

এসএসকেএম হাসপাতালে নতুন ইতিহাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন নবনির্মিত উডবার্ন-২ ভবন ‘অনন্য’। ১৩১ শয্যার এই আধুনিক ভবন গড়ে উঠেছে প্রায় ৬৬.৬৩ কোটি টাকা ব্যয়ে। শুধু তাই নয়, এদিন মোট ২১৭ কোটি টাকা ব্যয়ে ১৭টি স্বাস্থ্য প্রকল্পের সূচনা করলেন তিনি।

প্রধান প্রকল্পগুলির মধ্যে রয়েছে :
• উডবার্ন-২ ‘অনন্য’ ভবন (১৩১ শয্যা, ব্যয় ৬৬.৬৩ কোটি)
• কলকাতা পুলিশ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ব্লক (ব্যয় ২৫.৭১ কোটি)
• লি রোডে ৭ তলা ছাত্রাবাস (ব্যয় ২৪.৪৯ কোটি)
• রেডিওলজি বিভাগে ১২৮ স্লাইস সিটি স্ক্যান (ব্যয় ৭.৬৪ কোটি)
• সম্পূর্ণ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম (ব্যয় ৭.৫০ কোটি)
• নিউরোসায়েন্স ইনস্টিটিউটের অপারেশন থিয়েটার সংস্কার
• স্বাস্থ্য ভবনের নতুন অ্যানেক্স-১ ভবন (ব্যয় ১৬ কোটি)
• ড্রাগ কন্ট্রোল দপ্তরের নতুন ভবন (ব্যয় ৩২.৯২ কোটি)

মুখ্যমন্ত্রী বলেন, “এই উডবার্ন-২ ভবন বেসরকারি হাসপাতালকেও টেক্কা দেবে। এখানে লাক্সারি বেড, আইসিসিইউ বেড—সবই থাকবে। ভাড়াও সাধ্যের মধ্যে রাখা হয়েছে। অন্যত্র যেখানে ১৫-২০ হাজার টাকা খরচ হয়, এখানে মাত্র ৫ হাজার টাকায় একই সুযোগ পাওয়া যাবে।”

নতুন ভবনে থাকবে—
• এক শয্যা বিশিষ্ট রুম: প্রতিদিন ৮ হাজার টাকা
• এইচডিইউ বেড: প্রতিদিন ১২ হাজার টাকা
• আইসিইউ বেড: প্রতিদিন ১৫ হাজার টাকা

ভবিষ্যতের প্রকল্পের দিকেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পূর্ব ভারতে প্রথম বোন ব্যাঙ্ক (হাড়ের ব্যাঙ্ক) গড়ে তোলা হচ্ছে। একইসঙ্গে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল তৈরি হবে কলকাতা ও উত্তরবঙ্গে, যার জন্য প্রায় ১০০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে।

স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাফল্য নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্য অবকাঠামোয় আমরা এখন দেশের সেরা। স্বাধীনতার পর থেকে মেডিক্যাল সিট সংখ্যা ছিল ১৩৫৫। এখন সেটি বেড়ে হয়েছে প্রায় ৫৭০০।”

তিনি আরও যোগ করেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ২.৪৫ লক্ষ পরিবারের ৮.৭২ কোটি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন।

 

Share with