হেডলাইন

উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা

বিতর্ক সঙ্গী করেই রাজ্য শুরু হয়েছে ভোটার তালিকা বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর। শাসক দল থেকে বিরোধীরা এস আই আর প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে যখন প্রশ্ন তুলছেন, সেই আবহে শুরুর দিনেই রাজ্যজুড়ে এনুমারেশন ফর্ম বিলি হয়েছে । মঙ্গলবার থেকেই বিএলও-রা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন ও এনুমারেশন ফর্ম দিচ্ছেন। এই প্রক্রিয়া চলবে ডিসেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত। এরই মধ্যে এসআইআর’র কাজ খতিয়ে দেখতে বুধবার বঙ্গ সফরে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে থাকছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি জোশি ও ডেপুটি সেক্রেটারি অভিষেক আগরওয়াল। প্রতিনিধি দলের সঙ্গে থাকছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বুধবার উত্তরবঙ্গের বাগডোগরা পৌঁছে কমিশনের প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন সিইও। সেখান থেকেই সরাসরিই তারা যাবেন আলিপুরদুয়ার। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রথম বৈঠক করবেন তারা। এরপর যাবেন কোচবিহার। সেখানেও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। কোচবিহার থেকে কলকাতায় ফিরবেন সিইও মনোজ কুমার আগরওয়াল। শুক্রবার কমিশনের তিন প্রতিনিধি জলপাইগুড়িতে এসআইআর’র কাজ খতিয়ে দেখবেন। উল্লেখ্য কিছুদিন আগেই এস আই আর প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। ঐদিন রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য উত্তরবঙ্গের জেলা গুলিকে বাদ রাখা হয়েছিল। ‌ জানানো হয়েছে তো পরবর্তী সময় এই বৈঠক হবে। যদিও কমিশনের পক্ষ থেকে জানানো হয়, উত্তরবঙ্গে গিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে কমিশনের প্রতিনিধিরা বৈঠক করবেন। সেই সিদ্ধান্ত অনুসারে, বুধবার উত্তরবঙ্গ সফরে কমিশনের প্রতিনিধিরা।

Share with